মেহেরপুরের দুটি আসনে বেসরকারিভাবে জামায়াতে ইসলামীর জয়

Feb 12, 2026 - 17:48
 0  1
মেহেরপুরের দুটি আসনে বেসরকারিভাবে জামায়াতে ইসলামীর জয়
ছবি : সংগৃহীত

মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) ও মেহেরপুর-২ (গাংনী) আসনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণায় জামায়াতে ইসলামীর দুই প্রার্থী জয়ী হয়েছে।

মেহেরপুর-১ আসনে জামায়াতের প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খান বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জয়ী হয়েছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ২২ হাজার ৮২৯ ভোট পেয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাসুদ অরুণ ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪ হাজার ২২৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

মেহেরপুর-২ আসনে জামায়াতের প্রার্থী ও জেলা জামাতের শূরা সদস্য নাজমুল হুদা বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জয়ী হয়েছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ৯৪ হাজার ১৬৮ ভোট পেয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আমজাদ হোসেন ধানের শীষ প্রতীকে ৮৫ হাজার ৬৮৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

মেহেরপুরের দুটি সংসদীয় আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত দশটায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।

তবে ভোটগ্রহণের সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিএনপির বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের ভোটার ও নেতাকর্মীদের ভোটকেন্দ্রে যেতে বাঁধা সৃষ্টির। বাঁধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ৪টি ভোটকেন্দ্রে পৃথক সংঘর্ষে জামায়াতের ১৬ জন ও বিএনপির ১ জন আহত হলে হাসপাতালে ভর্তি করা হয়। এবং একজন বিএনপি কর্মীকে আটক করে পুলিশ। 

মেহেরপুরে দুটি আসনের ভোটের ফলাফল ঘোষণার পর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

মেহেরপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. সৈয়দ এনামুল কবির জানান, মেহেরপুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটের ফলাফলের পরেও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এখনো ঘটেনি। আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসন তৎপর রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow