পলাশে দুই ভাইয়ের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

Dec 27, 2025 - 13:38
 0  10
পলাশে দুই ভাইয়ের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী
ছবি : সংগৃহীত

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলার আমদিয়া ইউনিয়নে দুই সহোদরকে ঘিরে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন ভূঁইয়া রিপন ও তার ভাই নিজামুদ্দিন ভূঁইয়া লিটন দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তাদের কর্মকাণ্ডে সাধারণ মানুষ দীর্ঘ সময় ভীত ও অসহায় অবস্থায় ছিলেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, নাজিম উদ্দিন ভূঁইয়া রিপন আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অপরদিকে তার ভাই নিজামুদ্দিন ভূঁইয়া লিটন এলাকায় ‘ডেভিল’ নামে পরিচিত। অভিযোগ রয়েছে, বিগত সরকারের আমলে এই দুই ভাই ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকায় একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেন।

কান্দাইলসহ আশপাশের এলাকার বাসিন্দারা জানান, সে সময় তাদের কথাই ছিল শেষ কথা। সামাজিক, ব্যবসায়িক এমনকি ব্যক্তিগত অনেক বিষয়েও সাধারণ মানুষকে তাদের ওপর নির্ভরশীল হতে হতো বলে অভিযোগ রয়েছে। কেউ ভিন্নমত পোষণ করলে নানাভাবে হয়রানির শিকার হতেন বলেও স্থানীয়দের দাবি।

এলাকাবাসীর অভিযোগ, সরকার পরিবর্তনের পরও দুই ভাই নতুন করে প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে লিয়াজোঁ করে এলাকায় প্রভাব বিস্তার অব্যাহত রেখেছেন বলেও অভিযোগ উঠেছে। যদিও এসব অভিযোগের কোনো আনুষ্ঠানিক সত্যতা এখনো পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহলের প্রশ্ন—যদি অভিযোগগুলো সত্য না হয়, তাহলে দীর্ঘদিন ধরে কেন একই ধরনের অভিযোগ উঠে আসছে? আর যদি সত্য হয়, তাহলে কেন এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি?

এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতারা বলছেন, আইনের চোখে সবাই সমান হওয়া উচিত। কেউ অপরাধী হলে দল-মত নির্বিশেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান, অভিযোগগুলো খতিয়ে দেখে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করার জন্য।

এ বিষয়ে নাজিম উদ্দিন ভূঁইয়া রিপন কিংবা নিজামুদ্দিন ভূঁইয়া লিটনের বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow