গাইবান্ধা-৪ আসনে ফল প্রত্যাখ্যান, পুনঃভোটের দাবি জামায়াত প্রার্থীর

Feb 14, 2026 - 11:23
 0  3
গাইবান্ধা-৪ আসনে ফল প্রত্যাখ্যান, পুনঃভোটের দাবি জামায়াত প্রার্থীর
ছবি : সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে অনিয়ম, কেন্দ্র দখল, জাল ভোট ও গণনায় কারচুপির অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করে পুনঃভোটের দাবি জানিয়েছেন ১১দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মো. আব্দুর রহিম সরকার।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের দারুল আমান ট্রাস্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। 

সুনির্দিষ্ট কেন্দ্রের নাম উল্লেখ করে তিনি অভিযোগ করেন, নির্বাচনের দিন বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করে দাঁড়িপাল্লার পোলিং এজেন্টদের বের করে দেয়। ভোটারদের ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে ধানের শীষ প্রতীকে সিল দেয়। ফলাফল গণনাকালে দাঁড়িপাল্লা প্রতীকের ১২০টি ব্যালটকে ১০০টির বান্ডেল হিসেবে দেখানো হয়েছে। ধানের শীষ প্রতীকের ৮০টি ব্যালটকে ১০০টির বান্ডেল হিসেবে গণনা করা হয়েছে। এমনকি ধানের শীষের  ভেতর দাঁড়িপাল্লার ব্যালট ঢুকিয়ে দেয়ার  ঘটনাও ঘটেছে। একটি কেন্দ্রে প্রকৃত ভোট ছিল ১,৮০০, সেখানে ২,৮০০ ভোট দেখানো হয়েছে, অথচ দাঁড়িপাল্লার পোলিং এজেন্ট স্বাক্ষর করেননি।

ফলাফল প্রক্রিয়ায় সুস্পষ্ট কারচুপি ও প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তিনি আরো বলেন, এটি শুধু অনিয়ম নয়, সরাসরি ভোট ডাকাতি। অনিয়মের বিষয়ে তাৎক্ষণিক প্রিজাইডিং অফিসার, সহকারি রিটার্নিং অফিসার ও রিটার্নিং অফিসারকে লিখিত ও মৌখিকভাবে অবহিত করা হলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি।

সংবাদ সম্মেলনে গাইবান্ধা জেলার নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাজেদুর রহমান (গাইবান্ধা-১), আব্দুল করিম (গাইবান্ধা-২), মাওলানা মো. নজরুল ইসলাম লেবু (গাইবান্ধা-৩) ও  আব্দুল ওয়ারেছ (গাইবান্ধা-৫) সহ জেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow