যমুনার সামনে মুখোমুখি সংঘর্ষে বেহাল দুই সরকারি গাড়ি, থানায় নিল পুলিশ

Mar 1, 2026 - 15:12
 0  4
যমুনার সামনে মুখোমুখি সংঘর্ষে বেহাল দুই সরকারি গাড়ি, থানায় নিল পুলিশ
ছবি : সংগৃহীত

উল্টো পথে বেপরোয়া গতিতে চলার সময় রাজধানীতে দুই সরকারি অধিদপ্তরের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে উভয় গাড়ির চালক আহত হয়েছেন এবং গাড়ি দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর গাড়ি দুটিকে রমনা থানায় নিয়ে যায় পুলিশ।

শনিবার বিকেল পৌনে ৫টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হোটেল ইন্টারকন্টিনেন্টাল দিক দিয়ে বেপরোয়া গতিতে উল্টো পথে প্রাণী সম্পদ ও মৎস্য অধিদপ্তরের একটি ডাবল পিকআপ গাড়ি যাচ্ছিল কাকরাইলের দিকে যাচ্ছিল। অপরদিকে, কাকরাইলের দিক থেকে দিয়ে গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের একটি জিপ ইন্টারকন্টিনেন্টালে যাচ্ছিল। এ সময় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটো গাড়িরই সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

আরও জানা গেছে, দুর্ঘটনার মুহূর্তে গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের গাড়িটির পেছনে আরও একটি প্রাইভেটকার এসে সজোরে ধাক্কা দেয় এবং সেই গাড়িটির ওপর এসে আছড়ে পড়েন একজন মোটরসাইকেল আরোহীও। এতে সবগুলো গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। সরকারি গাড়ি দুটি ছাড়াও অন্য গাড়িটির চালক, সেই গাড়িটির একাধিক আরোহী ও মোটরসাইকেল চালক আহত হন। তবে তাঁদের কেউ গুরুতর আহত হননি।

এই বিষয়ে ওই এলাকার ট্রাফিক পরিদর্শক মুসা সালেহ আকন জানান, ইফতারের আগের এই ঘটনায় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে দ্রুত রেকার লাগিয়ে গাড়ি দুটিকে রমনা পার্কের পাশে নেওয়া হলে রমনা থানা-পুলিশ এগুলোকে নিজেদের হেফাজতে নিয়ে যায়।

গুরুতর না হলেও আহতদের কয়েকজনের হাত ও পায়ে সামান্য আঘাত লেগেছে। দুর্ঘটনার পর তাঁরা কাছাকাছি হলিফ্যামলি ও বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও জানান আকন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow