সেন্টমার্টিন থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি নারী-শিশুসহ ১৫৩ জন উদ্ধার, ১৫ পাচারকারী আটক
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের সেন্টমার্টিনের গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা নারী ও শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সেই সঙ্গে অভিযানে ১৫ মানব পাচারকারীকে আটক করা হয়েছে।
রোববার (১ মার্চ) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ওই অভিযান চালায় কোস্ট গার্ড। এ ঘটনায় উদ্ধার হওয়া ব্যক্তি ও আটক মানব পাচারকারীদের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোয়েন্দা সূত্রে কোস্ট গার্ড জানতে পারে, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তিসহ মানব পাচারকারীরা সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় অবস্থান করছে। এমন খবরে শনিবার দিবাগত রাত ৩টার দিকে অপারেশন সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে আভিযানিক দল একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দিলে সংকেত অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আভিযানিক দল বোটটি ধাওয়া করে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় আটক করতে সক্ষম হয়। এরপর বোটটি থেকে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ ১৫৩ জন ভুক্তভোগীকে উদ্ধারের পাশাপাশি ১৫ জন মানব পাচারকারীকে আটক করা হয়।
উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল।
মানব পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
What's Your Reaction?

