আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাব : মঈন খান
নরসিংদী প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, ‘বিএনপি বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়। কারণ বিএনপি গণনির্ভরশীল একটি রাজনৈতিক দল। তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব।’
তিনি বলেন, ‘নেতাকর্মীদের ঐক্য ও জনগণের সমর্থনই আমাদের শক্তি।’
রবিবার (১ মার্চ) বিকেলে নরসিংদীর পলাশে উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মঈন খান বলেন, ‘১৯৯১ সালে আমাদের নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে নরসিংদীর পাঁচটি আসনেই আমরা বিজয়ী হয়েছিলাম। সেটি ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক অধ্যায়।’
তিনি আরো বলেন, ‘নরসিংদীর অতীত ঐতিহ্য ও গৌরব পুনরুদ্ধারে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
বক্তব্যে মঈন খান উল্লেখ করেন, ‘জিয়াউর রহমানের সময়ে আব্দুল মোমেন খান মন্ত্রী ছিলেন। সর্বোচ্চ ভোট দিয়ে আপনারা তাকে জয়ী করেছিলেন। তিনি আমাদের গর্ব।’
তিনি বলেন, ‘নরসিংদী একসময় রাজনৈতিক নেতৃত্ব ও উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছিল। সেই অবস্থান পুনরুদ্ধারে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি, মঞ্জুর এলাহি এমপি প্রমুখ।
What's Your Reaction?

