শাকিব খান ও প্রিন্স নিয়ে অভিজ্ঞতার কথা জানালেন নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু
আগামী ঈদে মুক্তির কথা রয়েছে শাকিব খানের ছবি ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’। তারকাবহুল এই সিনেমায় শাকিব খানের সঙ্গে একাধিক নায়িকাকে অভিনয়ে দেখা যাবে। এর মধ্যে রয়েছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। যাকে প্রথমবার দেখা যাবে বাংলাদেশি সিনেমায়।
‘প্রিন্স’-এ শাকিব খানের নায়িকা হচ্ছেন তিনি। বর্তমানে এই ছবির শুটিং শেষের দিকে। সাকিব খানের সঙ্গে শুটিং করে বেশ উচ্ছসিত তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যোতির্ময়ী বলেছেন, ‘প্রিন্স-এ যুক্ত হওয়ার খবর প্রকাশ হওয়ার পর প্রচুর ভালোবাসা বেড়েছে। প্রিন্সের স্টোরিলাইন যা আছে মানুষ এই ছবি হুমড়ি খেয়ে দেখবে। তাছাড়া এই সিনেমায় শাকিব খান আছে।’
যুক্ত হওয়া নিয়ে এই অভিনেত্রী বলেন,‘সেই সঙ্গে আমার চরিত্র এবং প্রযোজক শিরিন দি (শিরিন সুলতানা) আমাকে এত সুন্দরভাবে ওয়েলকাম করেছিলেন এজন্য মনে হয়েছিল আমি প্রিন্স টিমের অংশ হতে চাই।’
এবারই প্রথমবার দুই বাংলার সবচেয়ে আলোচিত তারকা শাকিব খানের সঙ্গে সিনেমা করার সুযোগ পেয়েছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। শাকিবকে নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ শাকিবকে পাগলের মত ভালোবাসে, যাকে বলে মাথা নষ্ট ক্রেজ। তার স্টারডম সম্পর্কে আগে থেকে জানতাম।’
জ্যোতির্ময়ী বলেন, ‘আমি নিজেও তার সিনেমার একজন দর্শক। তার দীর্ঘ ক্যারিয়ারে এতো এতো সফল সিনেমা আছে, এবার কাজ করে বুঝলাম উনি (সাকিব) কতটা অভিজ্ঞ। তার সঙ্গে প্রিন্সে কাজের সুযোগ পেয়ে ভীষণ এক্সাইটেড আছি। উনি যে কোনো লেভেলের ডেডিকেটেড ব্যক্তি- সে কথা বলে বোঝাতে পারবো না। সেই সঙ্গে উনি খুবই পোলাইট (মার্জিত), যাকে বলে মাটির সঙ্গে মিশে থাকার মতো। এটা আমার সারাজীবন মনে থাকবে।’
আবু হায়াত মাহমুদের পরিচালনায় ক্রিয়েটিভ ল্যান্ড-এর ব্যানারে ‘প্রিন্স’-এ আরও অভিনয় করছেন তাসনিয়া ফারিণ। ঈদে মুক্তির ঘোষণা দেয়া সিনেমাগুলোর মধ্যে দর্শকদের আগ্রহ ও আলোচনায় তুঙ্গে রয়েছে নব্বই দশকের ঢাকার আণ্ডারওয়ার্ল্ডের গল্পে অ্যাকশন ধাঁচের এই সিনেমাটি।
What's Your Reaction?

