হাদির বোনকে ঢাকা-৮ আসনে প্রার্থী করার দাবিতে নলছিটিতে মানববন্ধন

Dec 26, 2025 - 12:57
 0  10
হাদির বোনকে ঢাকা-৮ আসনে প্রার্থী করার দাবিতে নলছিটিতে মানববন্ধন
ছবি : সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির স্থলে তার বোন মাসুমা হাদিকে ওই আসনে প্রার্থী হওয়ার দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২ টায় পৌর শহরের বিজয় উল্লাস চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন, মো. নাজমুল হাসান টিটু, সাথী আক্তার, এম এন মামুন, আসিফ জিয়া, আব্দুর রাজ্জাক, মো. সিরাজুল ইসলাম, মোহাম্মদ মিরাজ, মো. আহাদ, ওমর ফারুক ও আবু হানিফ।

বক্তারা বলেন, নলছিটির কৃতী সন্তান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে সম্ভাব্য প্রার্থী ছিলেন। কিন্তু ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাকে প্রাণ দিতে হয়েছে। তিনি ইনসাফের পক্ষে ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই করেছেন। তিনি সংসদে গিয়েছে ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকরা তার কথা থামিয়ে দিয়েছে। আমরা চাই শহীদ ওসমান হাদির দেশ, জনগণ ও ন্যায়ের পক্ষে লড়াই বেঁচে থাকুক, উজ্জীবিত থাকুক।

বক্তারা আরও বলেন, তিনি আজ আমাদের মাঝে নেই। কিন্তু তিনি আমাদের মনে ও স্মৃতিতে বেঁচে থাকবেন। তার আদর্শ বাঁচিয়ে রাখতে তার পরিবারের কাউকে এ মুহূর্তে ঘুরে দাঁড়াতে হবে। তার বোন মাসুমা হাদির মধ্যে আমরা ওসমান হাদির প্রতিচ্ছবি দেখতে পাই। এ জন্য আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মাসুমা হাদিকে দেখতে চাই। দেশবাসীও এটা চায়।

এ ব্যাপারে ওসমান হাদির ছোট বোন মাসুম হাদি বলেন, এই মুহূর্তে আমার ব্যক্তিগত কোনো কিছু বলার নেই। তবে ইনকিলাব মঞ্চ ও পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত হলে এ নির্বাচনে প্রার্থী হতে রাজি আছেন বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ওই দিনই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সর্বশেষ ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow