শহীদ ওসমান হাদিকে স্মরণ করে শুরু হল বিপিএল

Dec 26, 2025 - 13:51
 0  6
শহীদ ওসমান হাদিকে স্মরণ করে শুরু হল বিপিএল
ছবি : সংগৃহীত

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে মাঠের লড়াই। তবে বিপিএল শুরুর আগে সন্ত্রাসীদের গুলিতে শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান সাজানো হয়েছিল আবেগ ও দেশপ্রেমের আবহে। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াতের পর শোক প্রকাশ করা হয় প্রয়াত শরিফ ওসমান হাদির প্রতি।

নীরবতা পালনের সময় জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে মোনাজাতরত অবস্থায় দেখা যায়। এরপর প্রায় ২৫ হাজার বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ সময় স্টেডিয়ামে মনোমুগ্ধকর ‘ডে লাইট ফায়ারওয়ার্ক’ প্রদর্শন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই মাঠে গড়ায় প্রথম ম্যাচের টস। টস জিতে স্বাগতিক সিলেট টাইটান্সকে আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দিনের প্রথম এই ম্যাচ শেষে আবারও শুরু হবে সাংস্কৃতিক পর্ব।

দেশের জনপ্রিয় শিল্পীদের নাচ ও গানের পরিবেশনায় সাজানো এই আয়োজনের কোরিওগ্রাফির দায়িত্বে রয়েছেন প্রখ্যাত সংগীত পরিচালক ফুয়াদ মুকতাদির। ৪৫ মিনিটের এই সাংস্কৃতিক আয়োজন শেষ হওয়ার পর রাতে মুখোমুখি হবে নবাগত নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।

মাঠের উত্তেজনা সরাসরি দর্শকদের কাছে পৌঁছে দিতে এবারের আসরে যুক্ত হয়েছেন দেশি-বিদেশি তারকা ধারাভাষ্যকাররা। কমেন্ট্রি প্যানেলে রয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনুস ও রমিজ রাজা, নিউজিল্যান্ডের ড্যানি মরিসন, ইংল্যান্ডের ড্যারেন গফ এবং শ্রীলঙ্কার পারভেজ মাহরুফ। এছাড়া দেশি ধারাভাষ্যকারদের মধ্যে বরাবরের মতোই থাকছেন আতহার আলী খান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow