চাঁদপুর-২ আসনের বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

Jan 11, 2026 - 15:00
 0  7
চাঁদপুর-২ আসনের বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ
ছবি : সংগৃহীত

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর-২ (মতলব) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ড. মো. জালাল উদ্দিন ও তার পরিবারের চার সদস্যদের পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে দুদকের সহকারী পরিচালক এস এম মামুনুর রশীদ এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। এতে বলা হয়, অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিধিবহির্ভূত অর্থ উপার্জন করে তা নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে স্থানান্তরের মাধ্যমে বৈধ করার চেষ্টা এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধান চলাকালে জালাল উদ্দিন ও তার পরিবারের চার সদস্যের নামে পাঁচটি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া যায়। এসব হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক। প্রাথমিকভাবে জানা গেছে, জালাল উদ্দিন মানি লন্ডারিংয়ের উদ্দেশ্যে উল্লিখিত ব্যাংক হিসাবে লেনদেন করেছেন। এসব অর্থ উত্তোলন করে বিদেশে পাচার বা বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ওই পাঁচ ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। শুনানি শেষে ওই আদেশ দেন বিচারক।

এর আগে গত ২২ ডিসেম্বর জালাল উদ্দিন ও তার স্ত্রী শাহানাজ শারমীন, তাদের দুই ছেলে সাঈদ মোহাম্মদ রিজভী ও সাঈদ মোহাম্মদ আলভী এবং মেয়ে আয়েশা তাসনীমা তানভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন একই আদালত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow