বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা বুঝে নিলো বিসিবি

Dec 25, 2025 - 07:45
 0  7
বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা বুঝে নিলো বিসিবি
ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরুর একদিন ঘটল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। আর্থিক জটিলতার কারণ দেখিয়ে মারকাটারি আসর থেকে সরে দাঁড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি। আর তাতেই আসর শুরুর আগমুহূর্তে তাদের এমন সিদ্ধান্তে নতুন করে অনিশ্চয়তায় পড়ে লিগটি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মালিক কাইয়ুম রশিদ বিসিবি বরাবর পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, আর্থিক জটিলতার কারণে তারা বিপিএলে অংশ নিতে আগ্রহী নন। এমন সমস্যায় পড়ে অবশেষে দলটির মালিকানা বুঝে নিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জানা গেছে, বিপিএলের কর্মকর্তারা দলের সিনিয়র খেলোয়াড় এবং কোচিং স্টাফের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে চট্টগ্রাম দলের মালিকানা বুঝে নেয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ও বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।

এবার চট্টগ্রামের মালিকানা পেয়েছিল ট্রায়াঙ্গুল সার্ভিসেস নামে একটি প্রতিষ্ঠান। শুরু থেকেই এ কোম্পানিকে দল দেয়া নিয়ে সমালোচনা ছিল। ব্যাংক গ্যারান্টির পুরো টাকাও দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক দেওয়ার কথা থাকলেও তা–ও দেয়নি।

ফলে দলটির বিদেশি ক্রিকেটাররাও আসতে চাইছিলেন না। তাই রয়্যালসের তিন বিদেশি ক্রিকেটার টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছিলেন। তারা হলেন– পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদ, আয়ারল্যান্ডের টপ অর্ডার ব্যাটার পল স্টার্লিং ও শ্রীলঙ্কার উইকেটকিপার ব্যাটার নিরোশান ডিকভেলা।

চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির ভেতরের অস্থিরতা এখানেই শেষ নয়। শুরুতে তারা প্রধান কোচ হিসেবে মমিনুল হকের নাম ঘোষণা করলেও পরে সিদ্ধান্ত বদলে দক্ষিণ আফ্রিকার কোচ জাস্টিন মাইলস ক্যাম্পকে দায়িত্ব দেয়ার কথা জানায়। তবে বিপিএল শুরুর একদিন আগেও কোচ ক্যাম্পের বাংলাদেশে আগমন ঘটেনি। 

ফলে এখন থেকে চট্টগ্রাম রয়্যালসের সবকিছু দেখভাল করবে বিসিবি। এমনকি ইতোমধ্যে বন্দর নগরীর দলটির স্কোয়াডে বিদেশি ক্রিকেটার ও কোচ ভেড়ানোর তোড়জোড়ও শুরু হয়েছে বলে জানা গেছে। বিসিবি দল বুঝে নেওয়ার খবরটি খেলোয়াড়দের জন্যও স্বস্তির বিষয়। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলা ৩টায় বিপিএলের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। আর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস।

চট্টগ্রাম রয়্যালসের স্কোয়াড: নাঈম শেখ, শরিফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, মাহফিজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, সালমান হোসেন, জাহিদুজ্জামান খান, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, ক্যামেরন ডেলপোর্ট, কামরান গুলাম, মির্জা তাহির বেগ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow