ছাত্রদল নেতা রাব্বি হত্যা মামলার আসামিকে এলাকাবাসীর মারধর

Feb 6, 2026 - 15:18
 0  4
ছাত্রদল নেতা রাব্বি হত্যা মামলার আসামিকে এলাকাবাসীর মারধর
ছবি : সংগৃহীত

মাগুরা প্রতিনিধি

মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি হত্যা মামলার ৪ নম্বর আসামি রুহুল আমিনকে মারধর করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে শহরের পারনান্দুয়ালীর নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত রুহুল আমিনকে উদ্ধার করতে গেলে পুলিশের সাথে এলাকাবাসী ও বিএনপি সমর্থকদের বাগবিতন্ডা হয়। এসময় এলাকাবাসীর তোপের মুখে পড়ে পুলিশ।

পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত রুহুল আমিনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে।

চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা সংকটাপন্ন। ঘটনার পর হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত রুহল আমিন সাবেক জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

এ প্রসঙ্গে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, আহত রুহুল আমিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাব্বি হত্যা মামলার এজহারভুক্ত ৪ নম্বর আসামী। তাকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে এনেছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তবে এলাকাবাসী ও বিএনপি সমর্থকদের মধ্যে পুলিশের কোন সংঘর্ষ হয়েছে কিনা সে বিষয়ে জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা জানান, আসামীকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি ছিল এলাকাবাসীর। এ নিয়ে শুধু পুলিশের সাথে বাকবিতন্ডা ও ধস্তাধস্তি হয়। পুলিশের সাথে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। পরে আহত রুহল আমিনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, মেহেদি হাসান রাব্বি মাগুরা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক ছিলেন। তিনি জুলাই আন্দোলনে ২০২৪ সালের ৪ আগষ্ট মাগুরা শহরের পারনান্দুয়ালী নবগঙ্গা ব্রিজের উপর গুলিতে নিহত হন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow