রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
নবম পে–স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে সরকারি কর্মচারীদের আন্দোলনের প্রেক্ষিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবে।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন হিসেবে ব্যবহার হচ্ছে। শুক্রবার দুপুরের আগে নবম পে–স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে আন্দোলনকারীরা যমুনা অভিমুখে যাত্রা করলে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে তা সহিংসতায় রূপ নেই।
কর্মচারীরা শহীদ মিনারে সমাবেশের পর বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ অভিমুখে রওনা দিলে পুলিশ তাতে বাধা দেয়। এক পর্যায়ে মুখোমুখি অবস্থানে চলে যায় পুলিশ-আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ছোড়ে পুলিশ। সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাসও ছোড়া হয়। এতে আহত হয় অন্তত ছয়জন।
সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। পে–স্কেলের গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি থেকে কার্যকরের দাবি জানিয়েছেন তারা।
এর আগে, দাবি আদায়ে টানা তিনদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন সরকারি কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার চার ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন তারা।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ শুক্রবার শহীদ মিনার থেকে মিছিল বের করেন তারা। আন্দোলনকারীরা বলছেন, সময় বাড়িয়ে ৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেছি। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত সারাদেশে সব সরকারি, আধা সরকারি ও পে–স্কেলের আওতাভুক্ত অফিসে এ কর্মসূচি পালন করা হয়েছে। আজ বড় জমায়েতের ঘোষণা দিয়ে রেখেছিলেন তারা।
What's Your Reaction?

