সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ

Feb 5, 2026 - 09:44
 0  3
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ
ছবি : সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, যদি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় এবং কারচুপি না হয়, তাহলে বিএনপি সরকার গঠন করবে। তিনি আরও উল্লেখ করেন, সেই পরিস্থিতিতে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এতে কোনো দ্বিধা নেই।

বুধবার (৪ জানুয়ারি) রাত ৮টায় তিনি নিজ নির্বাচনী এলাকা সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে এ মন্তব্য করেন।

শামা ওবায়েদ বলেন, আজকে তারেক রহমান ফরিদপুরে জনসভায় এসেছেন। তিনি বৃহত্তর ফরিদপুরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। পদ্মা ব্যারেজ নির্মাণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জন্য কাজ করতে হবে।

তিনি আরও জানান, যুবসমাজের জন্য নতুন উদ্যোগ নিতে হবে। সালথা উপজেলা একটি উন্নয়নশীল এলাকা হিসেবে গড়ে তোলা হবে। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন করা হবে, ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেয়া হবে এবং খেলাধুলার সুযোগ বৃদ্ধির জন্য মাঠ ও ক্রীড়া কেন্দ্র তৈরি করা হবে।

শামা ওবায়েদ আরও বলেন, যদি আমরা সরকারে যেতে পারি এবং আমি নির্বাচিত হই, তাহলে আধুনিক মাদরাসা ও মসজিদ নির্মাণসহ ছাত্র ও যুবসমাজের জন্য প্রতিটি ইউনিয়নে ক্রীড়া কেন্দ্র খোলা হবে।

তিনি তার ব্যক্তিগত দায়িত্বের কথাও উল্লেখ করে বলেন, আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান সৎপথে অনেক কাজ করেছেন। আমি চাই সালথা ও নগরকান্দা এলাকা দুর্নীতি ও মাদকমুক্ত হোক। চাদাবাজি, ধান্দাবাজি ও টেন্ডারবাজি চলবে না। এসবের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে।

বৈঠকে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, মনিরুজ্জামান মোল্যা, মজিবর সরদার, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow