ভোলার মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ৮

Feb 6, 2026 - 14:29
 0  3
ভোলার মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ৮
ছবি : সংগৃহীত

ভোলা প্রতিনিধি

ভোলার মনপুরায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচার ও ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। 

তবে এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ফের বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মাস্টারহাট বাজারসংলগ্ন আশ্রয়ণ প্রকল্পের আলম কলোনির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে বিএনপি ও জামায়াতের নেতারা একে-অপরের বিরুদ্ধে অভিযোগ করেন।

মনপুরা থানার ওসি মো. মাহামুদ আল ফরিদ ভূঁইয়া সংঘর্ষের ঘটনা নিশ্চিত করেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সংঘর্ষে আহত আটজন হলেন- বিএনপির কর্মী আবদুল গনি মাঝি, রাসেল হাওলাদার ও গনি মাঝির বৃদ্ধ মাতা। অপরদিকে জামায়াতের কর্মী ইদ্রীস মাঝি, মো. রুবেল, মো. তারেক, মাওলানা শরীফ ও মো. সাদ্দাম। এদের মধ্যে বিএনপির কর্মী আবদুল গনি মাঝি ও জামায়াতের কর্মী ইদ্রীস মাঝি হাসপাতালে ভর্তি আছেন।

এ ব্যাপারে জামায়াতের ওপর অভিযোগ তুলে মনপুরা উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. কামাল উদ্দিন জানান, জামায়াত নেতাকর্মীরা ইচ্ছাকৃতভাবে বিএনপির ভোটের প্রচারণায় থাকা কর্মীদের ওপর হামলা করেছে। এতে তাদের ৪ কর্মী আহত হয়েছে বলে জানান তিনি।

উত্তর সাকুচিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রহিম বলেন, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ভোট চাইতে গেলে বিএনপির লোকজন বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এতে জামায়াতের প্রায় পাঁচজন আহত হয় বলে জানান তিনি।

এ ব্যাপারে মনপুরা থানার ওসি মো. মাহামুদ আল ফরিদ ভূঁইয়া জানান, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow