ধানের শীষের পক্ষে প্রচারের অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
নোয়াখালী প্রতিনিধি
ধানের শীষের পক্ষে ভোটের প্রচারের অভিযোগে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সুবর্ণচর উপজেলার মো. আক্তার হোসেন নামে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে নির্বাচনি দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে এবং তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আকিব ওসমান বিষয়টি নিশ্চিত করেন।
আকিব ওসমান জানান, সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশের পর জেলা নির্বাচন অফিসের নির্দেশনা অনুযায়ী অভিযুক্ত কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
এছাড়া কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই বিষয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
অভিযুক্ত মো. আক্তার হোসেন সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন।
What's Your Reaction?

