জুলাইয়ে ওড়ানো সেই পতাকা তারেক রহমানকে উপহার দিলেন ছাত্রদলকর্মী
চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের নির্মম বাস্তবতার মধ্যেই ১৮ জুলাই যাত্রাবাড়ীর কাজলা ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে খোলা বুকে জাতীয় পতাকা উঁচিয়ে ধরেন ছাত্রদল কর্মী মুত্তাকিন। মুহূর্তেই পতাকা উড়ানোর সেই ছবি ছড়িয়ে পড়লে দেশবাসী প্রবলভাবে উদ্বেলিত হয়। সেদিনের সেই পতাকাটি আজ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিয়েছেন মুত্তাকিন।
শনিবার (১৭ জানুয়ারি) বিকালে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে পতাকাটি হস্তান্তর করেন তিনি। এ সময় তাকে ধন্যবাদ জানান বিএনপির এই শীর্ষ নেতা। হস্তান্তর অনুষ্ঠানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিন দেশব্যাপী সংঘর্ষ ও গুলিতে ২৭ জন নিহতের খবর পাওয়া যায়।
এদিন ‘সম্পূর্ণ শাটডাউন’ কর্মসূচির পরিপ্রেক্ষিতে ঢাকায় ও অন্যান্য ৪৭টি জেলায় ব্যাপক সহিংসতা ঘটে। হাজার হাজার শিক্ষার্থী পরিবহন বন্ধ কার্যকর করার জন্য অন্যান্য বিভিন্ন গ্রুপের সঙ্গে যোগ দেন। পুলিশ ও আওয়ামী লীগের কর্মীরা বুলেট, শটগানের গুলি ও রাবার বুলেট দিয়ে তাদের ওপর গুলি চালালে কমপক্ষে ২৯ জন নিহতের খবর নিশ্চিত হয়। পুলিশ ও ছাত্রলীগের লোকজন ব্র্যাক ইউনিভার্সিটি ও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
ঢাকা ছাড়াও দেশের ৪৭টি জেলায় বিক্ষোভ, সংঘর্ষ, পুলিশের গুলি ও হামলার ঘটনা ঘটে এদিন। এসব ঘটনায় আহত হন অন্তত ১৫০০ জন। কোথাও কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এবং কিছু জায়গায় ক্ষমতাসীন দলের লোকজনের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।
What's Your Reaction?

