লক্ষ্মীপুরে ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

Feb 5, 2026 - 09:05
 0  3
লক্ষ্মীপুরে ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি
ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে দুইটি সিসি ক্যামেরা চুরি হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ মমতাজ বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, ওই কেন্দ্রের মোট তিনটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে স্কুল বন্ধ করলে পরবর্তী তিন দিন স্কুল বন্ধ ছিল। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে এসে দেখা যায়, নিচতলায় স্থাপিত তিনটি ক্যামেরার মধ্যে দুইটি চুরি হয়ে গেছে।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বলেন, ‘এটি সুস্থ ও সুষ্ঠু নির্বাচনের পথে বড় ধরনের বাধা। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে কেউ ষড়যন্ত্র করছে।’

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব বলেন, ‘ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চুরি নির্বাচনে গোলযোগ সৃষ্টির চেষ্টা হতে পারে। এটি নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে বড় ধরনের প্রতিবন্ধকতা।’

এ বিষয়ে জেলা সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা জানান, বিষয়টি তার জানা আছে এবং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow