অন্তঃসত্ত্বা বুবলী, পিছিয়ে গেল শুটিং
চলতি বছরই দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। প্রথম সন্তান জন্মের পাঁচ বছর পেরোতেই আবারও মা হচ্ছেন এই নায়িকা। বর্তমানে তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা!
বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর তার একাধিক ঘনিষ্ঠজন ও সহশিল্পী নিশ্চিত করেছেন।
বুবলীর কারণে আটকে আছে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং। প্রথম দফায় চিত্রনায়ক আদর আজাদের বিপরীতে চার দিন শুটিংয়ে অংশ নিয়েছিলেন বুবলী। দ্বিতীয় লটের শুটিংয়ের শিডিউল দিচ্ছেন না এই নায়িকা। সন্তান জন্ম নেওয়ার পর ফিট হয়ে শুটিং অংশ নেবেন বলে প্রযোজক-পরিচালককে জানিয়েছেন বুবলী।
এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার বলেন, ‘প্রথম লটে বুবলী, আদর আজাদ ও অন্য শিল্পীদের নিয়ে চার দিন শুটিং করেছিলাম। দ্বিতীয় লটে রোজায় শুটিং আছে। কিন্তু বুবলীকে ছাড়াই বাকি কাজ শেষ করতে হবে। বুবলীর বাচ্চা হওয়ার পরে তার বাকি অংশের শুটিং করবেন। সন্তান জন্ম দিতে এই মাসে আমেরিকায় যাচ্ছেন তিনি। ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আগামী জুনে শিডিউল দিয়েছেন। তবে ধারণা করছি, এই স্বল্প সময়ের মধ্যে তিনি শুটিংয়ের জন্য ফিট হবেন না। আমরা সেপ্টেম্বরে শুটিংয়ে যাওয়ার চিন্তাভাবনা করে রেখেছি।’
সম্প্রতি একাধিক অনুষ্ঠানে বুবলীর পোশাক ও হাঁটাচলার ভঙ্গিতে বেবিবাম্প স্পষ্ট হয়ে ওঠে ক্যামেরায়। তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়। মা হওয়ার গুঞ্জন উড়িয়ে না দিলেও রহস্যে জিইয়ে রেখেছেন তিনি।
এ বিষয়ে জানতে একাধিকবার বুবলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। বরাবরের মতো মুখে কুলুপ এঁটে রহস্য জিইয়ে রেখেছেন। এ প্রসঙ্গে চিত্রতারকা শাকিব খানও নীরব।
ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক ঘটনায় বিতর্কে বুবলী। এই বিতর্কের শুরুটা হয়েছিল ২০১৭ সালের ১৮ মার্চ বুবলী তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ওয়ালে শাকিব খানের সঙ্গে একটি গ্রুপ ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে লিখেছিলেন ‘ফ্যামিলি টাইম’। ছবিতে বুবলীর পরিবারের লোকজনও ছিলেন। সেই ছবি দেখেই ক্ষিপ্ত হয়েছিলেন অপু বিশ্বাস। এরপর শাকিব খানের সঙ্গে প্রেম, বিয়ে ও সন্তান জন্মের খবরে বুবলী আলোচনায় আসেন। ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ‘উধাও’ ছিলেন বুবলী।
সে সময় নানা গুঞ্জন ডালপালা মেলেছে; সবচেয়ে বড় গুঞ্জন ছিল মা হয়েছেন অভিনেত্রী। সে সময় এই গুঞ্জন অস্বীকার করে প্রকাশ্যে আসেন বুবলী। জানান, আমেরিকায় ছিলেন তিনি, ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে।
এর কিছুদিন পর সব কৌতূহল ছাপিয়ে প্রকাশ্যে আসে বুবলীর প্রথম সন্তান শেহজাদ খান বীর। সন্তানের বাবা ঢালিউড কিং শাকিব খান।
জানা যায়, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে পুত্রসন্তানের জন্ম দেন বুবলী। এ খবর ফেসবুকে ছবি শেয়ার করে বুবলী নিজেই সামনে আনেন। তবে তার আগে নানা নাটকীতায় অংশ নেন তিনি। মা হওয়ার খবর কেন্দ্র করে সাংবাদিকদেরও হুমকি দিয়েছিলেন অভিনেত্রী। তবে শেষ পর্যন্ত মা হওয়ার গুঞ্জনই সত্যি হয়েছিল। এবারও দেখানো পথেই হাটছেন ‘অহংকার’ সিনেমার বুবলী। বর্তমানে এই অভিনেত্রীর ‘পিনিক’ সিনেমাটি মুক্তির অপেক্ষায়। সর্বশেষ তাকে ‘জংলি’ সিনেমায় দেখা গেছে।
What's Your Reaction?

