গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে : নাহিদ ইসলাম

Jan 13, 2026 - 14:21
 0  5
গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে : নাহিদ ইসলাম
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি একটি বিশেষ দল গণভোটে ‘না’-এর পক্ষে কথা তুলছে। ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলাটা সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল। তবে আমরা বলতে চাই, গণভোটে ‘না’ পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে।’ আসন্ন গণভোটে ‘হ্যাঁ’–এর পক্ষে প্রচার চালাতে ‘ভোটের গাড়ি’ ক্যারাভ্যান উদ্বোধন করে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
 
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভোটের গাড়ির উদ্বোধন অনুষ্ঠান হয়।

ভোটারদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, আপনারা যদি আমাদের ভোট না-ও দেন, তবুও আমাদের অনুরোধ থাকবে আপনারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন।
 
গণভোটে ‘না’ পাস হলে- আগামীতে যে ক্ষমতায় আসবে, সেই স্বৈরাচারী হয়ে উঠবে বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, যারা ‘না’-এর পক্ষে কথা বলছেন, তারা আসলে কী বার্তা দিতে চান তা স্পষ্ট নয়। এবারের ভোট বাংলাদেশকে আগামী ৫০ বছর এগিয়ে নেওয়ার ভোট। ‘হ্যাঁ’ ভোট ব্যর্থ হলে দেশ আবার আগের ব্যবস্থাতেই ফিরে যাবে। মানুষকে সচেতনভাবে ভোট দেওয়ার জন্য আহ্বান রইল।

নিয়োগ পরীক্ষা প্রশ্নফাঁস সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, এই সরকারের আমলেও আমরা প্রশ্নফাঁসের ঘটনা দেখেছি।
 
বিএনপির ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলে নাহিদ বলেন, এখন বিভিন্ন কার্ড দেওয়ার কথা বলছে। তারা ফ্যামিলি কার্ড দেবে, কৃষক কার্ড দেবে। এই কার্ডের বিনিময়ে যে তারা টাকা দেবে, এই টাকাটা কোথায় থেকে আসবে? সেটা কিন্তু তারা বলছে না। অর্থাৎ তারা শুধু খরচ কোথায় করবে, সেটা বলছে। কীভাবে ইনকাম হবে, সেটা কিন্তু তারা বলছে না! দেখা যাবে, এই কার্ড দিতে গিয়ে তারা আবার ভ্যাট বাড়াবে। এতে দেশের জনগণের ওপর আবার চাপ পড়বে। এই কার্ড শুধু দলীয় লোকেরাই পাবে, সাধারণ মানুষ পাবে না। রাষ্ট্রের টাকা আবার দলীয়করণ হবে, আবার দুর্নীতি হবে, আবার স্বজনপ্রীতি হবে।
 
১১ দলীয় জোটের বিষয়ে শরীক এনসিপির আহ্বায়ক বলেন, ১১ দলীয় জোট নির্বাচনে বিজয়ী হয়ে এ নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। সংস্কারে শুধু জুলাই সনদ আদেশ নয়, এছাড়া যে নানা সংস্কার কমিশনের প্রস্তাব ছিল, সেগুলো নিয়ে আমরা কাজ করব। জনগণের প্রতি আমাদের আবারো আহ্বান- আপনারা এবার বিচার বিবেচনা করে আপনারা ভোট দিবেন এবং দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন।

অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সারাদেশে গণভোটের পক্ষে আমাদের প্রচার শুরু হচ্ছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow