ভোলাহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় ৫০ জন নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার ফায়ার সার্ভিস মোড় এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল শেষে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মো. ইয়াজদানী আলিম আল রাজি জজের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে নবাগতরা বিএনপিতে যোগ দেন। এ সময় বিএনপি নেতৃবৃন্দও ফুল দিয়ে তাদের বরণ করে নেন।
বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- ভোলাহাট ১নং ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান এবং ইউপি সদস্য সাদিকুল ইসলাম। তাদের নেতৃত্বে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের প্রায় অর্ধশত নেতাকর্মী বিএনপিতে শামিল হন।
যোগদান শেষে আলমগীর রেজা ও আব্দুর রহমান বলেন, ‘বিএনপির আদর্শ ও বর্তমান নেতৃত্বের ওপর আস্থা রেখেই তারা দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে যুক্ত হতে বিএনপিতে যোগদান করেছেন।’
এদিকে, উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী আলিম আল রাজি জজ নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, ‘দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে যারা বিএনপিতে যোগ দিচ্ছেন, তাদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।’
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?

