মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন আওয়ামী লীগ নেতা
চাঁদপুর প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহফুজুল হক তার মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে ৮ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ আসর ফরিদগঞ্জ পৌরসভার দক্ষিণ কাছিয়াড়া জমদ্দার বাড়িতে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
পুলিশ জানায়, মাহফুজুল হকের মা বদরুন্নেসা গত বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মায়ের জানাজায় অংশ নিতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টার প্যারোলে মুক্তি দেয়া হয় তাকে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, প্যারোলে মুক্তির আদেশ পাওয়ার পর ঢাকা পুলিশের সঙ্গে সমন্বয় করে তাকে ফরিদগঞ্জে আনা হয়। নির্ধারিত সময় শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, মাহ্ফুজুল হক ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ২০১৭ সালে নৌকা প্রতীক নিয়ে পৌর মেয়র নির্বাচিত হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় গত বছরের ৮ অক্টোবর রাতে ঢাকার ডেমরা থানা এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কেরানীগঞ্জ কারাগারে রয়েছেন।
What's Your Reaction?

