বগুড়া-২ আসনে ৩ বারের জাপা এমপি জিন্নাহর নির্বাচন বর্জন

Feb 6, 2026 - 14:26
 0  5
বগুড়া-২ আসনে ৩ বারের জাপা এমপি জিন্নাহর নির্বাচন বর্জন
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ

বগুড়া প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ না থাকার অভিযোগ তুলে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের ৩ বারের সাবেক এমপি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার দুপুরে তিনি হোয়াটস অ্যাপ মেসেঞ্জারে নির্বাচন বর্জনের সত্যতা নিশ্চিত করেছেন। এতে সাধারণ ভোটারদের মাঝে নানা আলোচনা সমালোচনা চলছে।

গত ৫ ফেব্রুয়ারি বগুড়ার শিবগঞ্জ উপজেলাবাসীকে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে- আমি বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ, তিনবারের সাবেক সংসদ সদস্য। শিবগঞ্জের মানুষের ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। দল-মত নির্বিশেষে আজীবন আমি শিবগঞ্জের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমার রাজনৈতিক জীবনের প্রতিটি মুহূর্ত শিবগঞ্জের উন্নয়ন ও মানুষের কল্যাণে উৎসর্গ করেছি। অনেক উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। তবে কিছু গুরুত্বপূর্ণ কাজ আজও অসমাপ্ত রয়ে গেছে। সেই অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার লক্ষ্যেই আমি আবারও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলাম।

কিন্তু অত্যন্ত দুঃখ ও গভীর বেদনায় বলতে হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে আমার নির্বাচনি এলাকায় একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণভাবে অনুপস্থিত। আজ আমার এবং অসংখ্য নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তারা এলাকাছাড়া। তাদের নানারকম ভয়ভীতি দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। পরিকল্পিতভাবে শিবগঞ্জে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা চাপে পড়ে যায়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাজনীতি হবে আদর্শের, প্রতিহিংসার নয়; প্রতিযোগিতা হবে উন্নয়নের, ষড়যন্ত্রের নয়।

এই পরিস্থিতিতে নির্বাচন মানে জনগণের অধিকার নিশ্চিত করা নয়, বরং ভয় ও জবরদস্তিকে বৈধতা দেওয়া। তাই শিবগঞ্জের মানুষের সম্মান, নিরাপত্তা ও ন্যায়ের প্রশ্নে আপসহীন থেকে আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

তিনি আরও বলেন, আমি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত শিবগঞ্জের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আমি সবসময় চেয়েছি শিবগঞ্জের মানুষ শান্তিতে থাকুক, নিরাপদে থাকুক, সম্মানের সঙ্গে বাঁচুক। আমি কখনো চাইনি আমি বা আমার দলের কোনো নেতাকর্মী শিবগঞ্জের মানুষের ওপর কোনো অন্যায় বা অবিচার করুক।

আজ আমি আপনাদের কাছে একটাই আহ্বান জানাই- শান্তি, ন্যায় ও সত্যের পক্ষে থাকুন। অন্যায়, অবিচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন। ভয় নয়, বিবেক দিয়ে সিদ্ধান্ত নিন। আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা নিয়েই আমি আগামীতে শিবগঞ্জের মানুষের পাশে থাকব ইনশাআল্লাহ। নির্বাচন বর্জন মানে পিছু হটা নয়; এটি ন্যায়ের পক্ষে দাঁড়ানোর একটি প্রতিবাদ। শিবগঞ্জের শান্তি ও উন্নয়ন এই হোক আমাদের অঙ্গীকার।

এদিকে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ৩ বারের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী শরিফুল ইসলাম জিন্নার নির্বাচন বর্জনের খবরে সাধারণ মানুষের মাঝে নানা আলোচনা-সমালোচনা চলছে। এছাড়া দলীয় নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

তারা নেতার (জিন্নার) এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নেই। অসংখ্য মামলা মাথায় নিয়ে; হুমকি-ধমকির মুখে তারা মাঠে কাজ করতে পারছেন না।

এ প্রসঙ্গে সহকারী রিটার্নিং অফিসার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান ও জেলা প্রশাসক রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান জানান, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলাম জিন্নার নির্বাচন বর্জনের কথা শুনেছেন। তবে এখন অফিসিয়ালি তার নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ নেই। কারণ ব্যালট পেপারে তার নাম ও প্রতীক থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow