রাজশাহী-১ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে শোকজ

Jan 13, 2026 - 17:10
 0  7
রাজশাহী-১ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে শোকজ
ছবি : সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

সোমবার (১২ জানুয়ারি) নির্বাচনি এলাকা-৫২ (রাজশাহী-১)-এর নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রধান এবং রাজশাহী যুগ্ম জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) মোছা. কামরুন নাহার এ আদেশ জারি করেন।

নোটিশ সূত্রে জানা গেছে, বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন মুন্ডুমালা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অটোরিকশা ও সিএনজি চালকদের মধ্যে চাদর, মাফলার এবং ধানের শীষ প্রতীকসংবলিত ফ্ল্যাগ বিতরণ করেন। এই কার্যক্রমকে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫’-এর ৪ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।

নোটিশে এ কার্যক্রমকে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, কেন এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রতিবেদন পাঠিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না-সে বিষয়ে প্রার্থীকে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

বুধবার বেলা ১১টা ২০ মিনিটে সশরীরে উপস্থিত হয়ে রাজশাহী যুগ্ম জেলা জজ (প্রথম আদালত) কার্যালয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জারি করা নোটিশের অনুলিপি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। একইসঙ্গে গোদাগাড়ী মডেল থানাকে দ্রুত নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনি অনুসন্ধান কমিটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow