সব ধর্মের মানুষ শুধুমাত্র বিএনপির কাছেই নিরাপদ : শামা ওবায়েদ

Jan 13, 2026 - 21:06
 0  4
সব ধর্মের মানুষ শুধুমাত্র বিএনপির কাছেই নিরাপদ : শামা ওবায়েদ
ছবি : সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, সব ধর্মের মানুষ শুধুমাত্র বিএনপির কাছেই নিরাপদ। এটা পরিষ্কারভাবে আপনাদের বুঝতে হবে। আর কোনো দল ও মতের কাছে সব ধর্ম-বর্ণ নির্বিশেষে নিরাপদ না। শুধুমাত্র বিএনপিই পারে সবাইকে নিরাপত্তা দিতে। এটা প্রমাণিত। কারণ, ফ্যাসিবাদের পতনের পর দুর্গাপূজা হয়েছে। কোনো অঘটন কিন্তু ঘটে নাই। আমাদের নেতাকর্মীরা পূজামণ্ডপগুলো পাহারা দিয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকা নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, বেগম খালেদা জিয়া কখনো অন্যায়, অসত্য ও দুর্নীতির সঙ্গে আপোস করেন নাই। তিনি তার রাজনৈতিক জীবনে বেশিরভাগ সময় গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকারের জন্য সংগ্রাম করে গেছেন। এজন্য বেগম খালেদা জিয়া শুধু বিএনপির না, সারা বাংলাদেশের দলমত নির্বিশেষে সবাই অভিভাবক হিসেবে পরিণত হয়েছিলেন। তিনি উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি হবে আপনাদের সবার ভোট। ২০১৮ সালে আওয়ামী লীগের লোকও নৌকায় ভোট দিতে পারে নাই। এখন একটা সুযোগ এসেছে, দলমত নির্বিশেষে সবার ভোট দেয়ার। 

বিএনপির এই নেত্রী বলেন, আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান সালথা ও নগরকান্দার সব মানুষকে আপন করে নিয়েছিলেন। তিনি মারা যাওয়ার পর ১৭ বছর ধরে আমি আপনাদের পাশে আছি। নির্বাচনের পরেও বাবার মতো আপনাদের পাশে থেকে সেবা করে যাবো, ইনশাআল্লাহ।

উপজেলার পুরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, নগরকান্দা  উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ, নগরকান্দা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক কাজী শোয়েবুর রহমান, পুরাপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান প্রমুখ।

অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow