হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, আদালতে স্বীকারোক্তি দিলেন ২ আনসার সদস্য

Jan 13, 2026 - 17:41
 0  4
হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, আদালতে স্বীকারোক্তি দিলেন ২ আনসার সদস্য
ছবি : সংগৃহীত

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল সদর হাসপাতালে নৈশকালীন দায়িত্ব পালনকালে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই আনসার সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। অভিযুক্ত দুই আনসার সদস্য হলেন- শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ। জবানবন্দি গ্রহণ শেষে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, আজ বিকেল ৫টার দিকে আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মু. হাবীবুর রহমান ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সজীব চৌধুরীর আদালতে তোলা হয়। সেখানে অপরাধের দায় স্বীকার করে জবানবন্দি দিলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

ঘটনার বিবরণীতে জানা গেছে, গত রোববার দিবাগত রাত দুইটার দিকে এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে নিজস্ব চার্জিং ভ্যানে করে মানিকগঞ্জের বেতিলা এলাকায় নানা বাড়িতে যাচ্ছিলেন। পথে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানটির চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার জন্য তারা সদর হাসপাতালের সামনে আশ্রয় নেন। এ সময় গেটে ডিউটিরত আনসার সদস্য শাহাদাৎ ও আবু সাঈদ তাদের সহযোগিতার আশ্বাস দেন।

এক পর্যায়ে তারা ওই নারীকে কৌশলে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যান এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। সোমবার এই অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। পরবর্তীতে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow