ইসিতে আপিল শুনানির শেষ দিনে ২৩টি আবেদন মঞ্জুর

Jan 18, 2026 - 16:55
 0  8
ইসিতে আপিল শুনানির শেষ দিনে ২৩টি আবেদন মঞ্জুর
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিনে (রোববার) ৬৩টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। শুনানিতে ২৩টি আপিল মঞ্জুর হয়েছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ২১টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ২টি আবেদন।

কমিশন ৩৫টি আপিল না-মঞ্জুর করেছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে না-মঞ্জুর হয়েছে ১৮টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে না-মঞ্জুর হয়েছে ১৬টি আবেদন। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিলাদেশ বহাল রাখা-সংক্রান্ত ১টি আপিল না-মঞ্জুর হয়েছে। শুনানিকালে ৩টি আপিল আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং ১ জন আপিলকারী অনুপস্থিত ছিলেন। কমিশন ২টি আপিল আবেদন অপেক্ষমাণ রেখেছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার আলোকে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আজ (রোববার) ছিল পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শেষ দিনে পাবনা-১ আসনে ৭টি এবং পাবনা-২ আসনে ৫টি মনোনয়নপত্র জমা পড়েছে।

এদিকে আপিল শুনানিতে প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আপনারা যেভাবে কোয়ারি করেছেন এবং জবাব দিয়েছেন, আমি দেখে অভিভূত। আপনাদের এই ধৈর্যশীল আচরণের জন্য ইসির পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আপনারা সকাল থেকে রাত পর্যন্ত ধৈর্য ধরে বসেছিলেন, অনেকে আমাদের আগেও এসেছেন। আপনাদের এই সহযোগিতার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow