এবার বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে এসজির চুক্তি স্থগিত করলো ভারত
ক্রিকেটে চলমান উত্তেজনার প্রভাব বেশ ভালোভাবেই পড়েছে ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঙ্গনে। কয়েক দিন আগেই জানা গিয়েছিল, ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের জেরে বাংলাদেশের কয়েকজন শীর্ষ ক্রিকেটারের সঙ্গে ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসজি (এসজি) চুক্তি নবায়ন স্থগিত রেখেছে।
এনডিটিভির একটি প্রতিবেদনের দাবি অনুযায়ী, এবার আরেক ভারতীয় ক্রীড়া পোশাক ও সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান সারিন স্পোর্টস (এসএস) বাংলাদেশে তাদের পণ্য উৎপাদন না করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের বর্তমান অধিনায়ক লিটন দাসসহ বাংলাদেশের কয়েকজন শীর্ষ ব্যাটারের স্পনসর এসজি। ভারত-বাংলাদেশ রাজনৈতিক সম্পর্কের অবনতি ঘটায় প্রতিষ্ঠানটি এসব ক্রিকেটারের সঙ্গে চুক্তি নবায়নের প্রক্রিয়া স্থগিত রেখেছে বলে জানা গেছে। অন্যদিকে, ভারতীয় প্রতিষ্ঠান সারিন স্পোর্টস, যারা আগে বাংলাদেশে তাদের পণ্য উৎপাদন করাত, তারা আর এদেশে পণ্য উৎপাদন করবে না।
টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সূত্র জানিয়েছে, ‘তাদের স্পনসরশিপ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে ছিল। কিন্তু ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমান রাজনৈতিক ও ক্রিকেটীয় উত্তেজনার কারণে সেই নবায়ন প্রক্রিয়া ধীর হয়ে গেছে।’
আরেকটি সূত্র জানায়, ‘প্রকৃতপক্ষে, ভারতের শীর্ষস্থানীয় ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজ (এসএস) গত বছরই বাংলাদেশের চার-পাঁচজন শীর্ষ ক্রিকেটারের সঙ্গে স্পনসরশিপ চুক্তি বাতিল করেছিল। তবে দুই দেশের সম্পর্কের উন্নতি হলে পরিস্থিতি বদলাতেও পারে।’
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘আগে বাংলাদেশের বিভিন্ন কারখানায় বিপুল পরিমাণ ক্রীড়া পোশাক ও সরঞ্জাম তৈরি হয়ে তা এসজি ও অন্যান্য ভারতীয় ক্রীড়া প্রস্তুতকারী প্রতিষ্ঠানে সরবরাহ করা হতো। কিন্তু গত এক বছর ধরে সেই সরবরাহ ব্যবস্থাও প্রায় বন্ধ হয়ে গেছে।’
What's Your Reaction?

