চারটি খনি থেকে ২ লাখ কেজির বেশি স্বর্ণ উত্তোলন করল সৌদি আরব

Jan 17, 2026 - 16:17
 0  4
চারটি খনি থেকে ২ লাখ কেজির বেশি স্বর্ণ উত্তোলন করল সৌদি আরব
ছবি : সংগৃহীত

সৌদি আরবে চারটি খনি এলাকা থেকে মোট ৭৮ লাখ আউন্স (১ কেজিতে ৩৫ আউন্স ধরে মোট ২ লাখ ২১ হাজার কেজি) স্বর্ণ উত্তোলন করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন খনন কোম্পানি মা’আদেন। এ স্বর্ণ উত্তোলনের মধ্য দিয়ে অভ্যন্তরীণভাবে খনিজ সম্পদের মজুত বৃদ্ধি ও নিজেদের বিশ্বমানের স্বর্ণ উত্তোলনকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ আরও গতি পাবে বলে আশা করছে তারা।

মানসুরাহ মাসসারাহ, উরুক ২০/২১, উম্ম আস সালাম এবং ওয়াদি আল জাও খনি থেকে নতুন স্বর্ণগুলো উত্তোলন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি উত্তোলন হয়েছে মানসুরাহ মাসসারাহ থেকে। সেখান থেকে ৩০ লাখ আউন্স স্বর্ণ উত্তোলন হয়। এরপর উরুক ২০/২১ ও উম্ম আস সালাম মিলিয়ে ১৬ লাখ ৭০ হাজার আউন্স এবং নতুন খনি ওয়াদি আল জাও থেকে ৩০ লাখ ৮০ হাজার আউন্স স্বর্ণ উত্তোলন হয়েছে। ওয়াদি আল জাও থেকে এবারই প্রথম স্বর্ণ উত্তোলন করা হয়েছে।

লক্ষ্যভিত্তিক খননকাজের মাধ্যমে মা’আদেনের ভান্ডারে এ নতুন সোনা যুক্ত হয়েছে। শুরুতে ৯০ লাখ আউন্সের বেশি সোনা উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে বার্ষিক হিসাব-নিকাশের মানদণ্ড অনুযায়ী চূড়ান্ত লক্ষ্যমাত্রা কমানো হয়েছে।

মা’আদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন, ‘এ ফলাফলে এটা স্পষ্ট যে কোম্পানির দীর্ঘমেয়াদি কৌশল মাঠপর্যায়ে কাজ করছে। ঠিক এ কারণেই আমরা সৌদি আরবের সোনার ভান্ডারে বড় অঙ্কের বিনিয়োগ অব্যাহত রাখছি।’

উইল্ট আরও বলেন, ‘চারটি এলাকায় খননকাজের মাধ্যমে ৭০ লাখ আউন্সের বেশি সোনা উত্তোলনের ঘটনাটি সোনা আহরণে মা’আদেনের সম্ভাবনাকেই প্রতিফলিত করছে। আমরা যখন অনুসন্ধান ও খনি উন্নয়নের কাজ এগিয়ে নিচ্ছি, তখন আমাদের সম্পদ বাড়ছে। এ বৃদ্ধি ভবিষ্যতে নগদ অর্থ প্রবাহের ক্ষেত্রে সহায়ক হবে।’

২০২৬ সালের জন্য কোম্পানিটির অনুসন্ধান কর্মসূচি মূলত সেন্ট্রাল অ্যারাবিয়ান গোল্ড রিজিয়নকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। সেখানে উন্নত ড্রিলিংয়ের মাধ্যমে  সম্ভাব্য খনি সম্প্রসারণের ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। ঐতিহাসিক মাহদ স্বর্ণ খনি এলাকাতেও অনুসন্ধান কার্যক্রম নতুন করে সম্প্রসারণের সিদ্ধান্ত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow