চুয়াডাঙ্গায় বিএনপি নেতার মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ দাবি মির্জা ফখরুলের

Jan 13, 2026 - 15:21
 0  3
চুয়াডাঙ্গায় বিএনপি নেতার মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ দাবি মির্জা ফখরুলের
ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে তিনি সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন এবং দোষীদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার চেয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক শোকবিবৃতিতে মির্জা ফখরুল বলেন, গতরাতে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য শামসুজ্জামান ডাবলুকে অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালায়, যার ফলে তার মৃত্যু হয়। এই ঘটনা দেশের জন্য মোটেও গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, বিচারবহির্ভূতভাবে কাউকে নির্যাতন ও হত্যা করা দেশের আইনের প্রতি চরম অবমাননা। আমরা আশা করি এই ধরনের লোমহর্ষক ঘটনার তদন্ত হবে এবং দোষীদের শাস্তি নিশ্চিত হবে।

এদিকে বাংলাদেশ সেনাবাহিনী মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার (১২ জানুয়ারি) আনুমানিক রাত ১১টায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনী কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসি দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মো. শামসুজ্জামান ওরফে ডাবলুকে (৫০) আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তীতে আটককৃত ব্যক্তির প্রদত্ত তথ্যের ভিত্তিতে টহল দল উক্ত ফার্মেসিতে তল্লাশি পরিচালনা করে ১টি ৯ মি. মি. পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। অভিযান শেষে আটককৃত ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরবর্তীতে আনুমানিক রাত ১২টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এতে আরও বলা হয়েছে, এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও কোনভাবেই গ্রহণযোগ্য নয়। ইতোমধ্যে উক্ত ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সকল সেনা সদস্যদেরকে সেনানিবাসে প্রত্যাহার এবং সঠিক কারণ উদঘাটনের উদ্দেশ্যে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow