জয়পুরহাটে গাঁজা ও নগদ টাকাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়া রেলবস্তি এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও নগদ টাকাসহ চম্পা রানী (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেনের নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।
আটককৃত চম্পা রানী ওই এলাকার মিঠুন চন্দ্রের স্ত্রী। অভিযানকালে তার কাছ থেকে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৮০ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে জয়পুরহাটেও সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে কাজ করছে। তিনি বলেন, আটককৃত চম্পা রানী দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। হাতেনাতে মাদকসহ তাকে আটক করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলে আমাদের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার মেজর ওয়াজেদুল ইসলাম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
What's Your Reaction?

