নির্বাচনের মতোই নিশ্ছিদ্র নিরাপত্তা দেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে : ডিএমপি কমিশনার
নির্বাচনের মতোই নিশ্ছিদ্র নিরাপত্তা দেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, কয়েক দিন আগে নির্বাচন হয়েছে, কোনো ত্রুটি বিচ্যুতি ঘটেনি। আশা করছি, এখানেও হবে। কমিশনার বলেন, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে সঙ্গে থাকবে স্বেচ্ছাসেবক। ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে শহীদ মিনারসহ আশপাশ এলাকায়।
এ সময় র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে থাকবে বোম্ব ডিস্পোজাল, সিসিটিভি ক্যামেরা, ডগ স্কোয়াডসহ নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা।
তিনি আরও জানান, কেন্দ্রীয় শহীদ মিনার ও আশেপাশে ৬৪ টি সিসি ক্যামেরা দিয়ে নজরদারি চলবে। এ ছাড়া দেশব্যাপী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে র্যাব মহাপরিচালক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভবিষ্যতে আর ভালো হবে। র্যাব সতর্ক আছে, আইনশৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে। দাবি আদায়ের নামে জনশৃঙ্খলা বিঘ্ন ঘটতে দেয়া হবে না।
What's Your Reaction?

