রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : বিদ্যুৎ মন্ত্রী
সিরাজগঞ্জ প্রতিনিধি
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম সিরাজগঞ্জ সফর। সেখানে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বর্তমানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের জন্য প্রায়োরিটি রমজানটাকে ভালোভাবে চালানো। আর সামনের কৃষি সেচ মৌসুম ও গ্রীষ্মকাল ট্যাকেল দেয়া। এটি যদিও কঠিন কিন্তু আমি চেষ্টা করছি প্রাণপণে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেয়ার জন্য। এটি টেকনিক্যাল জিনিস দুএকটা ফল্ট হতে পারে, বিদ্যুৎ যেতেও পারে, তবে বেশিরভাগ সময় ভালো বিদ্যুৎ থাকবে।
মন্ত্রী বলেন, বিগত সময়ের বিপুল পরিমান বকেয়া, তারপরও যে পরিমান জ্বালানি আমদানি করতে হবে, সব মিলিয়ে কঠিন একটা অগ্নিপরীক্ষা আমার জন্য। আমি চেষ্টা করছি কিভাবে এটা ম্যানেজ করে জনগণকে সুফল দেয়া যায়।
এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিএনপি নেতাকর্মীরা ইকবাল হাসান মাহমুদ টুকুকে ফুলেল শুভেচ্ছা জানান।
What's Your Reaction?

