ফরিদপুর-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন আওয়ামী লীগ নেতা আরিফুর রহমান দোলন
ফরিদপুর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনে প্রার্থীতা ফিরে পেয়েছেন আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আরিফুর রহমান দোলন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে তার আবেদন মঞ্জুর করে নির্বাচন কমিশন।
প্রার্থিতা বাছাইয়ে মনোনয়নপত্র জমা দেওয়া পাঁচ হাজার ভোটারের তালিকায় দুজন ভোটারের বিষয়ে ত্রুটির কথা উল্লেখ করে স্থানীয় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন।
এ সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আরিফুর রহমান দোলন নির্বাচন কমিশনে আপিল করলে বৃহস্পতিবার শুনানিতে তা মঞ্জুর হয়। ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তিনি প্রার্থীতা ফিরে পান।
প্রার্থীতা ফিরে পেয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের দোলন বলেন, ‘আলহামদুলিল্লাহ। ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসার যে কারণে আমার মনোনয়নপত্র গ্রহণযোগ্য নয় বলে ফরিদপুরে ঘোষণা করেছিলেন, আজ নির্বাচন কমিশনে আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি যে, এক শতাংশ ভোটারের সমর্থন ও স্বাক্ষর আমি রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়েছিলাম, তা সঠিক ছিল।’
ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ও ভোটগ্রহণের পরিবেশ সব প্রার্থীর জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘আশা করি আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসন এমন একটি পরিবেশ বজায় রাখবে, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়।’
আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন তিনি। পরে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ৮৪ হাজার ৯৮৯ ভোট পেয়েছিলেন মোহাম্মদ আরিফুর রহমান দোলন।
উল্লেখ্য, আরিফুর রহমান দোলন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি, আলোচিত আড়াই হাজার কোটি টাকা পাচার মামলার অন্যতম আসামি, কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা টাইমস সম্পাদক।
What's Your Reaction?

