শরীয়তপুরে আওয়ামী লীগের চার শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এবং কয়েকজন ইউপি সদস্যসহ আওয়ামী লীগের চার শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিয়া নূরুদ্দিন আহমেদ অপু’র হাত ধরে মঙ্গলবার সামন্তসার ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে গোসাইরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভানেত্রী নাজমা বেগম এবং সামন্তসার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল কাদের হাওলাদারের নেতৃত্বে কয়েকজন ইউপি সদস্যসহ চার শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
এ সময় নবাগত নেতাকর্মীরা মিয়া নূরুদ্দিন আহমেদ অপুকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান এবং বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিয়া নূরুদ্দিন আহমেদ অপু বলেন, ‘যারা বিএনপিকে ভালোবেসে দলে এসেছেন, আমরা সবসময় তাদের পাশে থাকব। আজ থেকে আমরা একটি পরিবারে যুক্ত হলাম। সবাই মিলে ইনশাআল্লাহ একটি উন্নত শরীয়তপুর গড়ে তুলব।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক কে এম সিদ্দিক আহমেদ, সদস্য নান্টু খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির চলমান আন্দোলনকে আরও বেগবান করতে এই গণযোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
What's Your Reaction?

