৯ রানে ৫ উইকেট, নাটকীয় বিপিএলে ইতিহাস গড়লেন শরীফুল

Jan 16, 2026 - 16:29
 0  2
৯ রানে ৫ উইকেট, নাটকীয় বিপিএলে ইতিহাস গড়লেন শরীফুল
ছবি : সংগৃহীত

না না নাটকীয়তার পর শুরু হওয়া বিপিএলের ঢাকা পর্বের প্রথম ম্যাচেই ইতিহাস গড়েছেন চট্টগ্রাম রয়্যালসের পেসার শরীফুল ইসলাম। বিধ্বংসী বোলিংয়ে তার সামনে দাঁড়াতেই পারেনি নোয়াখালী এক্সপ্রেস।

শুক্রবার (১৬ জানুয়ারি) শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে মাত্র ১২৬ রানে অলআউট করে দেয় চট্টগ্রাম রয়্যালস। ম্যাচে শরীফুল ৩ ওভার ৫ বল করে মাত্র ৯ রান খরচায় শিকার করেন ৫টি উইকেট।

এই পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে কম রান দিয়ে ৫ উইকেট নেওয়ার নতুন রেকর্ড গড়েন তিনি।

এর আগে এই কীর্তি ছিল আবু হায়দার রনির দখলে। ২০১৪ সালে ফরচুন বরিশালের বিপক্ষে রংপুরের হয়ে ১২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। আর বিপিএলের ইতিহাসে এক ইনিংসে সেরা বোলিং ফিগারের মালিক তাসকিন আহমেদ-যিনি গত বছর দুর্বার রাজশাহীর হয়ে ১৯ রানে ৭ উইকেট শিকার করেন।

এদিন নোয়াখালীর কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন হাসান ইসাখিল। এছাড়া জাকের আলী অনিক করেন ২৩ রান। চট্টগ্রামের বোলিং আক্রমণে শরীফুলের সঙ্গে দারুণ সহায়তা করেন স্পিনার মেহেদী হাসান, যিনি ১২ রানে নেন ৩ উইকেট।

ঢাকা পর্বের শুরুতেই এমন পারফরম্যান্সে বিপিএলে নতুন উত্তাপ ছড়াল চট্টগ্রাম রয়্যালস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow