চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরকে নিয়ে নির্মিত তোরণ অপসারণ করল প্রশাসন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে নির্মিত তোরণ অপসারণ করেছে প্রশাসন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড়ে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি তোরণটি ভেঙে ফেলা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ জানান, জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষ থেকে এ ধরনের তোরণ নির্মাণ নিষিদ্ধ। আমরা জানতে পেরে বিশ্বরোড মোড়ে গিয়ে তোরণটি দেখতে পাই। কিন্তু সেখানে কোনো দায়িত্বশীল ব্যক্তিকে না পেয়ে প্রশাসন নিজ উদ্যোগেই সেটি অপসারণ করে।
তিনি আরো বলেন, জামায়াত আমীরের সফরটি নির্বাচনী জনসভা সংশ্লিষ্ট এবং নির্বাচনেরই অংশ। তাই সফর উপলক্ষে তোরণ নির্মাণ সরাসরি আচরণবিধি লঙ্ঘনের শামিল।
প্রশাসনের এই পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেছে জামায়াত। চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমির গোলাম রাব্বানী বলেন, আমিরে জামায়াতের কর্মসূচিকে ঘিরে নির্মিত তোরণ এভাবে ভেঙে ফেলা অনাকাঙ্ক্ষিত। দেশের বিভিন্ন স্থানে তিনি সফর করছেন এবং সেখানেও তোরণ নির্মাণ করা হচ্ছে। অন্য জায়গায় যদি এগুলো রাখা যায়, তাহলে আমাদের এখানেও রাখা যেত। অন্তত অপসারণের আগে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল।
জানা গেছে, আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ সফরে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার আগমনকে কেন্দ্র করেই তোরণটি নির্মাণ করা হয়েছিল।
What's Your Reaction?

