ফেসবুকে আপত্তিকর মন্তব্যের জেরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ ফেসবুকে আপত্তিকর মন্তব্যের জেরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে শহরের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেসবুকে মন্তব্যের জেরে সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের সদস্য সচিব রোকনদ্দৌলা রাফসানের সাথে রাব্বি নামক এক যুবকের বিরোধ চলছিলো।
রাব্বি কেনো মন্তব্য করেছে রাফসান জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে দুইপক্ষের লোকজন জড়ো হলে রাফসান পক্ষের রাজা নামক একজনকে অস্ত্র নিয়ে ধাওয়া করতে দেখা যায়।
এ বিষয়ে রাব্বি পক্ষের সাইফুল ইসলাম অভিযোগ করে জানান, 'আমি জুলাই শহীদ সজলের ভাই। সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের জেরে ছাত্রদল নেতা রাফসান আমার আত্মীয় রাব্বিকে মারধর করে দোকান বন্ধের হুমকি দেয় এবং ইসলামপুর এলাকার বাসিন্দা রাজা অস্ত্র নিয়ে ধাওয়া দিয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান তিনি।
অপরদিকে, হরগঙ্গা কলেজ ছাত্রদলের সদস্য সচিব রোকনদ্দৌলা রাফসান বলেন, আমার ফেসবুকে এসে অনবরত বিভিন্ন বাজে মন্তব্য করছিল একটি ছেলে। আমি তাকে সংযত হওয়ার কথা বললে আমাকে উল্টো গালমন্দ করে। পরে সে জুলাই শহীদ সজলের ভাই সাইফল ও তার আরেক আত্মীয় জুনাইয়েদকে দিয়ে আমাকে ফোন দিয়ে হুমকি-ধমকি দেয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, ফেসবুকে কমেন্ট নিয়ে ঘটনাটি ঘটে বলে জানতে পেরেছি। দ্রুতই অস্ত্র উদ্ধারসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?

