‘ইনকিলাব জিন্দাবাদ’ নিয়ে জ্বালানি মন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা জামায়াতের
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। শনিবার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে জুবায়ের বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে মন্ত্রীর দেওয়া বক্তব্য ইতিহাস ও ভাষাতত্ত্বের পরিপন্থী। ‘ইনকিলাব’ শব্দটি আরবি হলেও এটি উপমহাদেশের স্বাধীনতা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে দীর্ঘকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। কোনো শব্দের উৎপত্তিগত কারণ দেখিয়ে তাকে ‘বাংলাবিরোধী’ বলা ভাষাবিজ্ঞানের যুক্তিতে টেকে না। তিনি আরও উল্লেখ করেন যে, বাংলা ভাষা মূলত বিভিন্ন ভাষার সংমিশ্রণে সমৃদ্ধ হয়েছে, তাই ভাষাগত বিভাজন তৈরি করা কোনো দায়িত্বশীল ব্যক্তির কাজ নয়।
জামায়াত নেতা অভিযোগ করেন, মন্ত্রী জনগণের অধিকার হরণ, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো মৌলিক সংকটে নীরব থাকলেও একটি স্লোগান নিয়ে ‘রক্তক্ষরণ’ অনুভব করছেন। তিনি মন্ত্রীকে জনদুর্ভোগ লাঘবে মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং অবিলম্বে এই বিতর্কিত বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় জনগণ এর দাঁতভাঙা জবাব দেবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
What's Your Reaction?

