ঈদকে সামনে রেখে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই
চাঁদপুর প্রতিনিধি
ঈদ সামনে রেখে চাঁদপুরের বিভিন্ন বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই। নিয়মনীতি না মেনে নোংরা পরিবেশে কাজ করছে শ্রমিকরা। এসব সেমাই বিক্রির জন্য চলে যাচ্ছে জেলা ও জেলার বাইরের বিভিন্ন বাজারে।
চাঁদপুরের বিসিক শিল্পনগরীর একটি কারখানাটিতে ঈদ ঘিরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল লাচ্ছা সেমাই। তবে গণমাধ্যমের উপস্থিতি দেখে মুহূর্তেই পাল্টে গেল চিত্র।
শহরের পুরান বাজারেও ঘুরে দেখা গেল একই চিত্র। নোংরা পরিবেশে বিভিন্ন কারখানায় সেমাই তৈরি করছেন শ্রমিকরা। মালিকরা দেখালেন নানা যুক্তি।
‘সেমাইয়ের কাজটাই এমন। তবে মেশিনারি হলে এটি আরও আধুনিক হবে। আজ থেকে ২০ বছর পর আরও আধুনিক হবে’, জানান একজন মালিক প্রতিনিধি।
এদিকে রমজান মাসে প্রতিদিন চাঁদপুরের বিভিন্ন কারখানায় তৈরি হচ্ছে অন্তত ৫০ মণ সেমাই। এসব সেমাই যাচ্ছে পার্শ্ববর্তী জেলাসহ দেশের বিভিন্ন এলাকায়। স্বাস্থ্যবিধি না মানলে কারখানা সিলগালাসহ কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে ভোক্তা অধিকার।
চাঁদপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ‘ঈদ উপলক্ষে তারা হয়তো সেমাই তৈরি করছে। অনেক সময় দেখা যায় তাদের অনুমোদন নেই বা অপরিষ্কার, নোংরা পরিবেশে সেমাই তৈরি করছে। এ বিষয়ে আমাদের মনিটরিং চলমান রয়েছে। যদি কেউ আইনের এমন ব্যত্যয় ঘটায় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’
রমজানে বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছে ভোক্তা অধিকার।
What's Your Reaction?

