প্রাক্তন স্বামীর নির্যাতন, আঘাতের চিহ্ন দেখিয়ে বিচার চাইলেন পাকিস্তানি মডেল

Feb 23, 2026 - 10:39
 0  3
প্রাক্তন স্বামীর নির্যাতন, আঘাতের চিহ্ন দেখিয়ে বিচার চাইলেন পাকিস্তানি মডেল
পাকিস্তানি মডেল ইকরা নাসির সিদ্দিকী।

প্রাক্তন স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ এনে প্রকাশ্যে এসেছেন পাকিস্তানি মডেল ইকরা নাসির সিদ্দিকী। সামাজিক মাধ্যমে নিজের শরীরে আঘাতের চিহ্নের ছবি প্রকাশ করে তিনি বিচার দাবি করেছেন। পাশাপাশি থানায় মামলা দায়েরের বিষয়টিও নিশ্চিত করেছেন এই মডেল।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১১ ফেব্রুয়ারি তাকে মারধর করা হয়। ইকরার অভিযোগ, তার প্রাক্তন স্বামী দীর্ঘ সময় ধরে তাকে শারীরিকভাবে নির্যাতন করেন এবং একপর্যায়ে ছুরি দিয়ে প্রাণনাশের হুমকি দেন। ঘটনার পর তিনি দণ্ডবিধির ৩৫৪ ও ৫০৬ ধারায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে আঘাতের চিহ্ন এবং এফআইআরের কপি শেয়ার করে ইকরা জানান, অনেক দিন ধরেই তিনি এই নির্যাতন সহ্য করে আসছিলেন। তবে আর নীরব না থেকে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, “নীরবতা অপরাধীকে রক্ষা করে, ভুক্তভোগীকে নয়।”

এক পোস্টে পবিত্র কুরআনের আয়াত উদ্ধৃত করে তিনি লেখেন, আল্লাহ সব অন্যায় ও অশ্রু সম্পর্কে অবগত। সূরা ইব্রাহিমের একটি আয়াত উল্লেখ করে ইকরা বলেন, জালেমরা যা করে আল্লাহ তা থেকে গাফেল নন। অত্যাচারকে তিনি শক্তির নয়, বরং ভীরুতার পরিচয় বলে মন্তব্য করেন। একই সঙ্গে ন্যায়বিচারের প্রত্যাশা ব্যক্ত করে সকল নারীর নিরাপত্তা ও সাহসের জন্য দোয়া চান।

তবে পরে সেই পোস্টটি সরিয়ে ফেলেন তিনি। বর্তমানে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্টটির আর কোনো অস্তিত্ব নেই। এ বিষয়ে আলাদা করে কোনো ব্যাখ্যা দেননি ইকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow