ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাম্বুলেন্সে মিলল ২৮ কেজি গাঁজা, আটক ২
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে একটি অ্যাম্বুলেন্স থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নর কড়ইকান্দি ফেরিঘাট এলাকায় সন্দেহভাজন একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার শাওড়া গ্রামের মো. সোহাগ (৩১) এবং রংপুর সদর উপজেলার পশ্চিম বাবুখাঁ এলাকার বাসিন্দা মো. শাহাজুল ইসলাম (৪৭)।
পুলিশ জানায়, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বাঞ্ছারামপুর মডেল থানার একটি দল উপজেলার আইয়ুবপুর ইউনিয়নর কড়ইকান্দি ফেরিঘাট এলাকায় ফারুক আহমেদ খান স্টোর অ্যান্ড রাইস এজেন্সির সামনে বিশেষ চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।
এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
What's Your Reaction?

